জন্মদিনে ভালোবাসায় সিক্ত সুলতান মাহমুদ শরীফ

বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণ রাজনৈতিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। মঙ্গলবার ছিল তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয় ভার্চুয়াল সভার।

সভার আয়োজক ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও তার স্ত্রী সৈয়দা রেখা ফারুক।

বঙ্গবন্ধু পরিবারের চার সদস্য সুলতান শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভার্চুয়াল জুম মিটিংয়ে অংশ নেন। বিকেল ৩টা থেকে শুভেচ্ছা জানাতে একে একে হাজির হন বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রীর মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে সিআরআই-এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং দুই মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার পক্ষ থেকে সুলতান শরীফের বাসায় জন্মদিনের কেক, ফুল ও কার্ড পাঠানো হয়।

বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের পক্ষ থেকেও হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সুলতান মাহমুদ শরীফের বাসায় কেক ও ফুল পাঠান।

ভার্চুয়াল সভার শুরুতে সুলতান শরীফের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সাংবাদিক সারওয়ার কবির। বক্তব্য রাখেন প্রখ্যাত সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু, কর্নেল ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, দপ্তর সম্পাদক  বিপ্লব বড়ুয়া, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন হিমাংশু গোস্বামী ও শাহনাজ সুলতানা সুমি। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, অধ্যাপক আবুল হাশেম, সৈয়দ মোজাম্মেল আলী।

আরও ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, জনসংযোগ সম্পাদক রবিন পাল,মানবাধিকার সম্পাদক সারব আলী এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ প্রমুখ।  

সুলতান মাহমুদ শরীফ: ২০১১ সাল থেকে সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। বিলেতে বাঙালি কমিউনিটির নানা আন্দোলন-সংগ্রামে দিক নির্দেশক সুলতান শরীফ।

স্কুল জীবনেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইকবাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় লন্ডনে ছাত্রনেতা হিসেবে সামনের কাতারে ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসে মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল অনন্য। যুক্তরাজ্যপ্রবাসী বাঙালিদের নিয়ে বিশ্ব জনমত গড়ে তুলতে ছিলেন সামনের কাতারে। ১৯৭১ সালের এপ্রিলে বাংলাদেশে এসে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭২ সালের নভেম্বরে মাসে যুবলীগ প্রতিষ্ঠিত হলে শেখ ফজলুল হক মণি চেয়ারম্যান হন, সুলতান শরীফ সেই কমিটির সেক্রেটারিয়েটের সদস্য ছিলেন। ১৯৭৩ সালে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্যেরও দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত কাছের ছিলেন সুলতান মাহমুদ শরীফ।