রাস আল-খাইমায় শতভাগ, আবুধাবিতে পাস ৮৭.৭৬ শতাংশ

আমিরাতে বাংলাদেশি দুই স্কুলে এসএসসিতে সাফল্য

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশি স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে উত্তর আমিরাতের রাস আল-খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করলেও আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলে পাসের হার ৮৭ দশমিক ৭৬ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে আবুধাবি ও রাস আল-খাইমায় অবস্থিত দুটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎকণ্ঠা। অবশেষে অনলাইনে ফল প্রকাশের পর উভয় শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে আসে আনন্দের বন্যা। বিশেষ করে রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে নিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতে দেখা যায়।

দুটি স্কুলের মধ্যে রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৪৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন, ‘এ’ পেয়েছেন ৩০ জন এবং ‘এ মাইনাস’ পেয়েছেন ৬ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন শিক্ষার্থীই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন ৪৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন, ‘এ’ পেয়েছেন ১৫ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ১৭ জন, ‘বি’ পেয়েছেন ৭ জন এবং ‘সি’ পেয়েছেন ৩ জন। এ স্কুল থেকে ৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে মোট ৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের শতভাগ সাফল্যে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল প্রকাশের পর অনেক অভিভাবককে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অভিভাবকরা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি শিক্ষার্থীদের দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিলে এসব স্কুল আরও শক্তিশালী ও স্বনির্ভর হবে। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে। দীর্ঘ ৩৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। ভবিষ্যতেও এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রবাসের মাটিতে বাংলাদেশের শিক্ষার সুনাম ও ঐতিহ্য ছড়িয়ে দিতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এমন প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত