আশুলিয়া থানা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকার আশুলিয়ায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় থানা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে প্রায় ৬ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এই কমিটি দায়িত্ব পালন করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার অন্তর্গত আশুলিয়া থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এই বিজ্ঞপ্তিতে আর কোন তথ্য দেওয়া হয়নি। 

এর আগে গত ২২ জানুয়ারি আশুলিয়ায় ডেন্ডাবর এলাকায় বাসায় ঢুকে পিটিয়ে ও কুপিয়ে শাহাজাহান খন্দকার মনা হত্যা হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে থানা ছাত্রলীগের এই কমিটির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরও হয়েছে। ঘটনার প্রায় ৬ দিন পর কমিটির মেয়াদ উত্তীর্ণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ ব্যাপারে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সামিউল হাসান শামীম বলেন, সাভার পৌর ছাত্রলীগ, সাভার কলেজ ছাত্রলীগ, সাভার থানা ছাত্র লীগ, সাভার উপজেলা ছাত্রলীগ ও আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটির অনুমোদন একই দিনে দেওয়া হয়।

২০১৫ সালের ৭ এপ্রিল এই কমিটি দেওয়া হয়। আমাদের কমিটি বিলুপ্ত হলে সকল কমিটিই বিলুপ্ত হওয়ার কথা। তারপরেও তার কমিটির সকল কর্মীদের দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানানোর অনুরোধ করেন তিনি।