হাম রুবেলা টিকা প্রদানকালে এক স্বাস্থ্যকর্মীকে মারধর করার অভিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নুর মোহাম্মদের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার ইউনিয়নটির রূপচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া খাঁ বাড়িতে স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তারকে মারধরের এই ঘটনা ঘটে। ওই দিন রাতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ আহম্মেদ সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, স্বরমুশিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তার গত বুধবার রূপচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া খাঁ বাড়িতে মঙ্গলবার হামরুবেলা টিকা দেওয়ার কথা ছিল। তিনি অন্যকাজে ব্যস্ত থাকায় ওইদিন সেখানে যেতে পারেননি। পরদিন বুধবার তিনি রূপচন্দ্রপুর পূর্বপাড়া খাঁ বাড়িতে টিকা দিতে গেলে শেখ নূর মোহাম্মদ অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। সুরাইয়া এর প্রতিবাদ করায় নূর মোহাম্মদ উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা সহকারী ফয়জুর রহমান বাধা দিলে নূর মোহাম্মদ তাকেও মারধর করেন।
সুরাইয়া আক্তার বলেন, আমাকে লোকজনের সামনে নূর মোহাম্মদ শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আমি স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ আহম্মেদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় বিঘœ ঘটবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানিয়ে থানায় মামলা করা হয়েছে।
আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ. কে. এম. মনিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।