নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন গবেষকেরা। একাধিক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
ভারতের গুরুগ্রামের মেদান্তা হাসপাতালের ‘ইন্টারভেনশন কার্ডিওলজি’ বিভাগের প্রধান ডা. প্রাভিন চন্দ্র গত ডিসেম্বরে বলেন, ‘হৃদযন্ত্র সুস্থ রাখতে হলে কোলেস্টেরলের মাত্রা কোনো অবস্থাতেই অস্বাভাবিক বেশি হতে দেওয়া যাবে না। এটি বাড়লে করোনা বেশি ক্ষতি করে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটের গবেষক ক্লিফোর্ড ব্র্যাংউইনের এক ল্যাব রিপোর্টে বলেছেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এমন ওষুধ গ্রহণকারী কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হন, তবে তিনি অন্যদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
সাম্প্রতিক সময়ে যে ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তার নাম হল ‘গামা অরাইজানোল’। প্রাকৃতিক এই উপাদান মেলে ‘রাইস ব্র্যান’ থেকে। ‘গামা অরাইজানোল’ হল ‘ফেরুলিক অ্যাসিড ইস্টারস’য়ের মিশ্রণ। জৈবসক্রিয় উপাদান সমৃদ্ধ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানটির মূল উৎস হল ‘জার্মিনেটেড ব্রাউন রাইস’ ও ‘রাইস ব্র্যান অয়েল’।
নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)’য়ের পুষ্টিবিদ্যা বিভাগের প্রধান পুষ্টিবিদ স্বপ্না চতুর্বেদি বলেন, “‘গালা অরাইজানোল’ কোলেস্টেরলের মাত্রা কম রাখতে সাহায্য করে। কারণ এটা কোলেস্টেরল শোষণ কমায় আর তা শরীর থেকে বের করে দেওয়ার মাত্রা বাড়ায়।”
হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটউটের গবেষণা এবং এর আগে প্রকাশিত আরেকটি নিবন্ধে গবেষকেরা বলছেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এমন ওষুধ সার্স-কোভ-২ ভাইরাসটিকে কোলেস্টেরলের মাধ্যমে কোষের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়।