অপকর্মে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা : কাদের

দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দলের সভাপতি শেখ হাসিনার ধানম-ি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

নবনিযুক্ত উপকমিটির নেতৃবৃন্দকে দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না।’ একজন ব্যক্তি একাধিক কমিটিতে

থাকতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘আগে যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী সময়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। সাম্প্রতিক সময়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ভূমিকা নিয়েছেন। আওয়ামী লীগে তাদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে এবং নির্বাচনী আমেজ সৃষ্টি করলেই বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা থাকত। তারা নামে মাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে কেন্দ্রে তাদের এজেন্টই ছিল না সেখানে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা হিসেবে নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত।’

চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন তা বিএনপির আমলেও পায়নি বলেও দাবি করেন ওবায়দুল কাদের।