যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জন ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গত মঙ্গলবার মার্কিন সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে।

এক অভিনন্দনপত্রে মোমেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বাংলাদেশ সফরের জন্য ব্লিনকেনকে আমন্ত্রণ জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের নিরাপত্তাসহ শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও অভীষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহও ব্যক্ত করেছেন।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনের শাসন ও বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের বিষয়ে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মোমেন আশা প্রকাশ করেন, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরও কার্যকরভাবে সম্পৃক্ত হবে। মার্কিন বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।