বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি অফস্পিনার রাকিম কর্নওয়াল।
চট্টগ্রামে শনিবার তার ঘূর্ণিতে ১৬০ রানে ইনিংস শেষ করেছে বিসিবি। এদিন ফ্ল্যাট উইকেটেও বেশ টার্ন আদায় করেন কর্নওয়াল।
কর্নওয়ালের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান। নাঈম শেখ সর্বোচ্চ ৪৫ ও সোহান ৩০ রান করেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৪ উইকেটে ১১৫ রান তুলেছিল বিসিবি একাদশ। শেষ ৬ উইকেট তারা হারিয়েছে ৪৫ রানে। তাতে ৯৭ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
বিসিবি একাদশ শতরান পার হওয়ার পর পথ হারায়। দলীয় ১৩০ রানে জোমেল ওয়ারিকানের বলে আউট হন দিপু। জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে গেলে বল স্পিন করে ব্যাটে চুমু খেয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো কর্নওয়ালের হাতে। ফলে ১৩ রানে শেষ হয় তার ইনিংস। এরপর নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে তারা।
উইকেট ছুড়ে আসেন তৌহিদ হৃদয়। ওয়ারিকানের অফস্টাম্পে রাখা বলে স্লগ সুইপ করতে গিয়ে লাইন মিস করেন হয়ে যান বোল্ড।
তবে নিজেকে কিছুটা দুর্ভাগা বলতে পারেন আকবর আলী। কারণ কর্নওয়ালের বলটি বেশ টার্ন করে উইকেট ভাঙে। এগিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আকবর। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মাহমুদুল হাসান জয়ও আউট হয়েছেন নিজের দোষেই। কর্নওয়ালের বলে প্রথমে ফ্রন্টফুটে খেলতে চেয়েছিলেন। কিন্তু দোমনা হয়ে পরে ব্যাকফুটে খেলতে গেলে ব্যাটের কানায় লেগে শর্ট লেগে দাঁড়ানো কেভাম হজের হাতে ধরা পড়েন।
এরপর দল তাকিয়ে ছিল অধিনায়ক সোহানের দিকে। কিন্তু হতাশ করেছেন তিনি। ওয়ারিকানের অফস্টাম্পে রাখা বল লেগে ঘোরাতে গিয়ে আকাশে তুলে দেন। কভারে সহজ ক্যাচ তুলে নিতে কোনো ভুল হয়নি হজের। এরপর সৈয়দ খালেদ আহমেদ পড়েন কর্নওয়ালের এলবিডাব্লিউর ফাঁদে। ফলে ১৬০ রানে অলআউট হয়ে যায় দলটি।