মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে এক প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই জাহিদ মিয়া জাবেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাবেদ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং ওই ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রমের পর ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানান ওই তরুণী। তার ভাষ্য, লাউয়াছড়া বন অতিক্রমকালে টয়লেটে যাওয়ার সময় তাকে জোরপূর্বক পাশের একটি অন্ধকার বগিতে নিয়ে ধর্ষণ করে জাবেদ। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলে প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন ভুক্তভোগী। এ সময় জাবেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে যাত্রীরা। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এদিকে খুলনার দৌলতপুরে আট বছরের শিশুর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটিকে ভবনের ছাদে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে জুতার ফিতা, নাইলন ও জালের দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি করে সিঁড়ি ঘরে লুকিয়ে রাখা হয়। সিঁড়ি ঘরের ওই স্থান ও ছাদের একাধিক স্থানে রক্তের দাগ, ভেজা কাপড় ও বেশকিছু আলমত দেখে তা নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই নারীসহ আটজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি শিশুটি নিখোঁজ হওয়ার পর নগরীর দৌলতপুর থানায় প্রথমে জিডি ও পরে অপহরণ মামলা করেন শিশুটির বাবা সুশান্ত দে। গত বৃহস্পতিবার শিশুটির লাশ উদ্ধারের পর অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।