কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি খাতুন শিল্পিকে (২২) শ্বাসরোধ করে হত্যার দায়ে রাসেল বাবু (৩৪) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।
২০১১ সালের ২৭ মে হত্যাকাণ্ডটি ঘটে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে ভুরুঙ্গামারী উপজেলার দাক্ষণ পাথরডুবি গ্রামের হাতেম আলীর মেয়ে পিংকি খাতুনের সঙ্গে একই উপজেলার নাখারগঞ্জ এলাকার সাইফুর রহমানের ছেলে রাসেল বাবুর বিয়ে হয়।
বিয়ের ৩ মাস অতিবাহিত হলে যৌতুকের জন্য পিংকির উপর নির্যাতন শুরু করে রাসেল। স্বামীর লাগাতার নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি তার বাপের বাড়িতে চলে আসেন।
এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে এসে অবস্থান নেন রাসেল বাবু। ওইসময় শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরপর পেটের সন্তান নষ্ট করা নিয়ে পিংকির সঙ্গে স্বামী রাসেল বাবুর কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে পিংকিকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় রাসেল।
এ ঘটনায় ২০১১ সালে ২৭ মে পিংকির মা রোকেয়া বেগম বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানির পর আদালত, মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে রাসেলের ফাঁসির আদেশ দেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।