শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে নিজেরা চাকরি দেবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা উদ্যোক্তা হবে, শুধু চাকরি খুঁজবে না। আমরা তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেব, তাদের উদ্যোক্তা হতে শেখাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও চান আমাদের ছেলেমেয়েরা উদ্যোক্তা হবে, নতুন নতুন কাজ তৈরি করবে। নিজেরা অন্য আরও দশজনকে চাকরি দেবে।

গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকায় দেলোয়ার হোসেন দম্পতির মৌমিতা ফ্লাওয়ার্স ফুল সবজির বাগান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেলোয়ার দম্পতি বাগানে আধুনিক পদ্ধতিতে ফুল, ফল ও সবজির চাষ করছেন। তাদের উৎপাদিত ফসলগুলোতে বিশাল সম্ভাবনা রয়েছে। তারা ইতিমধ্যে এ ধরনের ফুল, ফল ও সবজি চাষে ৩০০ জন উদ্যোক্তা তৈরি করে দিয়েছেন। অনেককে প্রশিক্ষণও দিয়েছেন। আমাদের দেশে এমনিতেই মাটি এত উর্বর যে তাতে ফুল চাষ করে তার বাজারজাত করার সম্ভাবনা রয়েছে। আর এ ফুল বিদেশে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে। এ দম্পতি যেভাবে উদ্যোক্তা তৈরি করে দিচ্ছেন আমি বিশ্বাস করি যে, সরকারি আরও সহযোগিতা পেলে নিশ্চয়ই ওনারা এটাকে বিশাল আকারে নিয়ে যেতে পারবেন।