২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৫২৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৪৪৩ জন। এদিন আরও ১২ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছে। আর আগের দিন মারা গিয়েছিল ১০ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন প্রায় সাড়ে ১৪ হাজার নমুনা পরীক্ষায় ৩ দশমিক ৬৩ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। আগের দিন শনাক্ত হার ছিল ৩ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে শনাক্ত ও মৃত্যু বাড়ার সঙ্গে গতকাল সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, এদিন পাঁচ শতাধিক রোগী সুস্থ হয়েছে। গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ৩৩১তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২০৬ পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ২৮টি জিন-এক্সপার্ট, ৬২টি র‌্যাপিড অ্যান্টিজেন ও ১১৬টি আরটি-পিসিআর পরীক্ষাগার। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) ১৪ হাজার ৬৩৫ জনের নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৫২ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১২ রোগী সুস্থ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত অ্যান্টিজেন টেস্টসহ ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৮ হাজার ১৪৯ এবং সুস্থ হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৫২ এবং সুস্থতার হার ৮৯ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১১ ও নারী ১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ৬ হাজার ১৭৭ পুরুষ ও ১ হাজার ৯৭২ জন নারী মৃত্যুবরণ করেছে। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৮০ ও নারী ২৪ দশমিক ২০ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ২ এবং চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত সর্বোচ্চ ৪ হাজার ৫৩৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৪৯৫, খুলনায় ৫৫১, রাজশাহীতে ৪৬৫, রংপুরে ৩৫৭, সিলেটে ৩০৬, বরিশালে ২৪৭ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৯০ জন রোগী মারা গেছে। সর্বশেষ মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৭, ৫১-৬০ বছরের ৩, ৪১-৫০ বছরের ১ এবং ৩১-৪০ বছরের ছিল ১ জন। এদিন সবাই হাসপাতালে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ রোগীকে আইসোলেশনে ও ৫৩৩ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১০ হাজার ৪১২ ও কোয়ারেন্টাইনে আছে ৩৪ হাজার ১৪৬ জন। সারা দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৩১১টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ১ হাজার ৪৮৪টিতে। বাকিগুলো খালি ছিল। এছাড়া ৫৮২টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি ছিল ১৮১টিতে।