জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত শ্যাম বেনেগালের চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করতে যাচ্ছেন। এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি
বঙ্গবন্ধুর বায়োপিকে...
জাতির জনকের বায়োপিকের অংশ হতে পারছি, এটাই অত্যন্ত গৌরবের। এমন ঐতিহাসিক কাজের সঙ্গে থাকা মানে ইতিহাসের অংশ হওয়া। একজন অভিনয়শিল্পীর জীবনে এটা বড় সৌভাগ্য। আমি একটু দেরিতে এ ছবিতে যুক্ত হয়েছি। তাই এটা আমার জন্য কিছুটা সারপ্রাইজ ছিল। আমার অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিন হয়নি। কিন্তু এত তাড়াতাড়ি বড় সুযোগ পেয়ে ভালো লাগছে। যারা আমাকে কাস্টিং করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রস্তুতি...
যখন জানতে পেরেছি ছোট আপার (শেখ রেহানা) চরিত্রে অভিনয় করছি, তখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট আপার কাছ থেকে যা জানতে পেরেছি, তা থেকেই নিজেকে তৈরি করছি। যখন তাদের সঙ্গে দেখা হয়েছে, তখন মনে হয়েছে অনেক বছরের পরিচয় আমাদের। একদম পাশে বসে অনেক গল্প করেছি। দুই বোনের কাছ থেকে জানতে পেরেছি বঙ্গবন্ধুর পরিবার, জীবনযাপন, বঙ্গবন্ধুর সঙ্গে সন্তানদের সম্পর্ক, দাদা-দাদি বা আশপাশের মানুষের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। নিজ চোখে তারা যা যা দেখেছেন, আমাদের জানিয়েছেন। এত কিছু জানতে পেরেছি যে, আমার চরিত্র নিয়ে কাজ করতে অনেক সহজ হয়েছে। ছবির কাজে মুম্বাই যাচ্ছি আগামী ৫ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ক্যামেরার সামনে দাঁড়াব।
‘ব্যাচেলর পয়েন্ট’...
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে আমি নাবিলা চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া খুব ভালো। মাঝে অনেক দিন কাজ করিনি। তখন ভক্তরা জিজ্ঞেস করেছিলেন, কেন অভিনয় করছি না এই নাটকে? এতে বোঝা যায় নাবিলা চরিত্রটি নিয়ে তাদের আগ্রহ রয়েছে। আমার মনে হয়, পুরোপুরি কমেডিনির্ভর এই নাটকের সঙ্গে দর্শক নিজেকে যুক্ত করতে পারেন। আমরা কিন্তু সব সময় আনন্দ খুঁজি। আনন্দের প্রায় প্রতিটি উপকরণ এই নাটকের গল্পে রয়েছে, তাই এত সাড়া ফেলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি যত্ন নিয়ে কাজটি করছেন। পাঁচ-ছয়জন ব্যাচেলরের গল্প নিয়ে নির্মিত এই নাটকে আমি ব্যাচেলরদের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তারা আমার ভালো বন্ধু।
কোটির ঘরে ‘এক্সচেঞ্জ’...
আমার অভিনীত কোনো নাটকের ইউটিউব ভিউ এই প্রথম কোটির ঘরে পৌঁছেছে। সে হিসেবে একটু খুশি খুশি লাগছে। সেই খুশির পালে বাতাস লাগল তখন, যখন জানলাম এটি দ্রুততম সময়ের মধ্যে কোটি ভিউ হওয়া দ্বিতীয় নাটক! কৃতজ্ঞতা জানাই আমার নির্মাতা রুবেল হাসান, সহশিল্পী অপূর্ব আর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি। এই অর্জন পুরো টিমের।
ভালোবাসা দিবসে...
ভালোবাসা দিবসের বেশিদিন বাকি নেই। শ্যুটিংয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। এরই মধ্যে মহিদুল মহিমের ‘টিপু সুলতান’, সঞ্জয় সমাদ্দারের ‘কাভার পেজ’, নাজমুল রনির ‘প্রাণের মানুষ আছে প্রাণে’সহ বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। এ নাটকগুলোতে আমার সহশিল্পী অপূর্ব। সম্প্রতি মুরসালিন শুভর পরিচালনায় তাহসান খানের সঙ্গে করেছি ‘শার্লক হোমস ইন লাভ’ নাটকটি। এটি ভালোবাসা দিবসে আরটিভিতে প্রচারিত হবে।