নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২নং ওয়ার্ডের খানপুর প্রধান সড়কের সংস্কার কাজের ক্রটি পেয়েছে নাসিকের তদন্ত টিম। এ সময় সড়কটি ঠিক করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে ৪৮ ঘন্টা সময় নির্ধারণ দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় খানপুর প্রধান সড়ক পরিদর্শনে আসেন নাসিকের তদন্ত টিমের প্রকৌশলী মো. মোস্তাফিজ ও প্রকৌশলী শফিউল। এ সময় তাদের সাথে ছিলেন, নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
তদন্ত টিমের সদস্যদের বিভিন্ন প্রশ্নের মুখে রাস্তাটি সুন্দরভাবে সম্পন্ন করে দেয়া হবে বলে জানান ঠিকাদার রাসেল। এ সময় তদন্ত টিমের সদস্য ৪৮ ঘন্টা মধ্যে নিয়ম অনুযায়ী রাস্তা লেভেল ধরে কাজ সম্পন্ন করার নিদের্শ দেন।
এদিকে প্যানেল মেয়র মিনোয়ার বেগম ও কাউন্সিলর শওকত হাসেম শকু পরিদর্শন শেষে রাস্তা বিভিন্ন ক্রটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ ব্যাপারে প্রকৌশলী মোস্তাফিজ দেশ রূপান্তরকে জানান, পরিদর্শনে এসেছি-অনেক কিছু দেখলাম। এগুলো মেয়র মহোদয়কে জানাব। আপনারা মেয়র মহোদয় থেকে জানতে পারবেন।