খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ এ সংক্রান্ত নীতিমালা, গাইডলাইন, কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে একটি চুক্তি সই করেছে সরকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই কারিগরি সহায়তা প্রকল্পে স্বাক্ষর করে।
গতকাল বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার এবং জাইকার পক্ষে জাইকার প্রতিনিধি মি. ইউহো হায়াকাওয়া রেকর্ড অব ডিসকাশনে সই করেন।
এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন প্রকার নীতি প্রণয়ন, এসওপি বা মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন, যুগোপযোগী গাইডলাইন নির্মাণ, কৌশলগত পরিকল্পনা ২০২১-২০২৬ প্রণয়ন, বিভিন্ন প্রকার রেফারেন্স ল্যাব স্থাপন এবং বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করা হবে।