সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ বছরের এক শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বেতগঞ্জ বাজার এলাকার ওই ঘটনায় গতকাল বুধবার আজাদ মিয়া (৩০) নামে এক যুবককে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আজাদ পাশের রহমতপুর গ্রামের মো. আবদুর রহিমের ছেলে। ধর্ষণের শিকার শিশুর বাবা একজন চা বিক্রেতা। বেতগঞ্জ বাজারে থাকা চায়ের দোকানের পাশেই তাদের বসবাস।
মামলার এজাহারে বলা হয়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আজাদ। পরে সবাইকে জিম্মি করে শিশুকে তুলে নিয়ে যায় সে। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করে আজাদ। গত সোমবার রাতে আদালতপাড়ায় শিশুকে আহত অবস্থায় উদ্ধারের পর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন এক অটোরিকশাচালক।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান জানান, শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায় মডেলিংয়ের কথা বলে এক নারীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, এ ঘটনায় গতকাল নির্যাতিতার স্বামী বাদী হয়ে মামলা করেন। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গত সোমবার বাড়ি ফাঁকা পেয়ে আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ডেকে আনে নাঈম (৪০)। পরে ঘরের ভেতর টেনে নিয়ে তাকে ধর্ষণ করে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুর প্রতিনিধি জানান, ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় মামলার পর অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, গত রবিবার রাতে ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে ওই নারীকে সারদাগঞ্জে ডেকে নেয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা। পরে একটি ঘরে তাকে আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করে অভিযুক্তরা।