অভিজিৎ হত্যা মামলা

আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে পলাতক বরখাস্ত মেজর জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এর পরপরই আসামিপক্ষ যুক্তিতর্কের শুনানি শুরু করেন। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের অবশিষ্ট শুনানির জন্য দিন রাখা হয়েছে। তাদের শুনানির পর রাষ্ট্রপক্ষ আবার তাদের বক্তব্যের উত্তর দেবে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম ছারোয়ার খান বলেন, ‘আসামি ফারাবী তার ফেইসবুকে স্ট্যাটাস দেন যে এই অভিজিৎ রায়কে হত্যা করা কি মুসলমানদের ওপর ফরজ নয়? এ বক্তব্যের কপি রাষ্ট্রপক্ষ থেকে প্রদর্শনী হিসাবে আদালতে দাখিল করা হয়েছে।’ আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর্যালোচনা করে বক্তব্য রাখার পাশাপাশি হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ আদালতে প্রদর্শনী হিসেবে জমা দেওয়া হয় বলেও এই আইনজীবী জানান।

গোলাম ছারোয়ার খান বলেন, ‘সব সাক্ষ্য এবং সাক্ষ্যের সমর্থনে জমা দেওয়া ডকুমেন্ট কাগজপত্র থেকে হত্যার সঙ্গে আসামিদের যুক্ত থাকার বিষয়টি আমরা প্রমাণ করতে পেরেছি।’

গত ২৭ জানুয়ারি আলোচিত এ মামলায় আদালতে আত্মপক্ষ শুনানিতে কারাগারে অন্তরীণ চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের প্রত্যেককে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে কে কী সাক্ষ্য দিয়েছেন তা পড়ে শোনানো হয়। এরপর বিচারক তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এর আগে মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেন বিচারক। মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক।