যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোর্য়াটারে অগ্নিকাণ্ড

যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। এতে স্টাফ কোয়ার্টারের টিনশেডের ৬টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা সম্ভব হয়নি। 

ভষ্মীভূত ঘরগুলোর প্রতিটিতে কারারক্ষীদের পরিবার বসবাস করতেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলর তুহিনকান্তি খান জানান, রাত পৌনে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

ভুক্তভোগীরা জানান, সদ্য অবসরে যাওয়া প্রধান কারারক্ষী ইউনুস আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও। তারা কোনরকম
জীবণ নিয়ে পালাতে পেরেছেন। ঘরে থাকা সব জিনিসপত্র চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি (প্রিজন) সগীর মিয়াসহ পদস্ত কর্মকর্তারা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ তদারকি করেন।