টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না: মাশরাফী

ফরিদপুরের মধুখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া মাঠে ‘আয়শা-সামী ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামী ক্রীড়াচক্র এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনালে মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নয় উইকেটে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়।

উদ্বোধনে মাশরাফী বলেন, ‘টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না। ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে’।

তিনি বলেন, ‘খেলা পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে। স্থানীয় পর্যায়ে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ব্যাপারে আয়োজনদের সতর্ক থাকতে হবে কেননা প্রকৃত বল দিয়েই খেলতে হবে, না হলে ক্রিকেটার হওয়া যাবে না’।

ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নির্ধারিত ২০ ওভারে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোর্টিং ক্লাব ছয় উইকেট খুইয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুই উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

পরে সামী রহমান, মধুখালী পৌরসভার মেয়র চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি ছাড়াও নগদ ৩০ হাজার ও রানার আপ দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

ফাইনাল খেলায় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দলের পক্ষে ৯৮ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। ১১ উইকেট লাভ করে একই দলের ইমরুল ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন।

সমাপনী খেলার আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ ও শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম, জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শহীদুল ইসলাম।