ওভেনে কয়েক রকম রান্নার রেসিপি দিয়েছেন শাহারীয়ার আতিক সুমী
রুই মাছের টকঝাল মিষ্টি
উপকরণ
রুই মাছ ৩ টুকরা, টমেটো পেস্ট আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, চিনি আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল সিকি কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, গোটা সরিষা আধা চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাছ ময়দা, হলুদ গুঁড়া দিয়ে মেখে ওভেনপ্রুভ বাটিতে মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় ২ মিনিট হালকা করে তেলে ভেজে নিন।
২. মাছ উঠিয়ে রেখে ওই পাত্রে তেল দিয়ে গোটা সরিষা ফোড়ন দিয়ে সব উপকরণ দিয়ে মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় ৫ মিনিট কষিয়ে আগে থেকে ভেজে রাখা মাছ ও পরিমাণমতো পানি দিন।
৩. মাখা মাখা হয়ে এলে ধনেপাতা ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
নুডলস
উপকরণ
স্টিক নুডলস ১ প্যাকেট, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ডিম ৩টি, কিমা আধা কাপ
যেভাবে তৈরি করবেন
১. ওভেনপ্রুফ বাটিতে মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় পরিমাণ মতো পানি দিয়ে ৫ মিনিট নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে তেল দিয়ে মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় পেঁয়াজ কুচি, রসুন কুচি, ডিম, কিমা দিয়ে ৩ থেকে ৪ মিনিট একটু লাল করে ভেজে নুডলস দিয়ে ওপরের সব উপকরণ দিয়ে হালকা করে নেড়ে ২ মিনিট পরে নামিয়ে পরিবেশন করুন।
স্পাইসি বিফ
উপকরণ
গরুর মাংস আধা কেজি, কাঁচামরিচ ৩টি, লবণ ২ চা চামচ, পেঁয়াজ ফালি ১ কাপ, আদা কুচি ৪ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, ডিম ২টি, টমেটো সস ৩ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, সয়াসস ২ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাংস ছোট টুকরা করে কেটে সামান্য লবণ দিয়ে ওভেনপ্রুভ পাত্রে মাইক্রোওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় পরিমাণ মতো পানি দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নামিয়ে নিন।
২. সেদ্ধ করা মাংস ৩ টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি একটু লাল করে ৩ মিনিট রাখুন। এরপর মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সস, সয়াসস, ওয়েস্টার সস দিয়ে আরও ৫ মিনিট দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন।
কুকিজ
উপকরণ
বাটার ১ কাপ, চিনি গুঁড়া ১ কাপ, ভেনিলা ১ চা চামচ, ময়দা ২ কাপ, বেকিং সোডা আধা চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বাটার ও চিনি একসঙ্গে বিট করে নিন।
২. এবার ভেনিলা ময়দা, বেকিং সোডা, গুঁড়া দুধ একসঙ্গে চেলে বাটারের সঙ্গে মেখে পরোটার খামিরের মতো করে নিন।
৩. মাইক্রোওভেনের কমবিনেশন-১ এ ১০ মিনিট বেক নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।