নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে তিন পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঁচপুরের রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুরের কোতোয়ালির শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাঁদপুরের মতলব উত্তর থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাস হোমনা সুপার সার্ভিস ও বোরাক পরিবহনের বেপরোয়া গতিতে প্রতিযোগিতায় নামে। কাঁচপুর সেতুর ঢালের বাস স্টপেজে যাত্রী উঠানোর জন্য বাস দুটি রেষারেষি শুরু করে। এ সময় যাত্রী উঠানোর জন্য বোরাক বাস ব্রেক করলে হোমনা সুপার সার্ভিস সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। তখন বোরাক বাসটির পেছন দিয়ে রাস্তা পার হতে যাওয়া ওই তিন পথচারী দুই বাসের মাঝে চাপা পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বাস দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ তিনটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ৩ : চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার বহদ্দারহাট-শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক অহিদ মিয়া (৫৫), যাত্রী শহীদ মাঝি (৬২) ও মো. আবদুল মান্নান (৪০)।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, রাহাত্তারপুল এলাকায় বালুবাহী ডাম্পার ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সাতজন। স্থানীয়দের সহযোগিতায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনায় হতাহতরা সবাই ভোলা জেলার বাসিন্দা। তারা সবাই নির্মাণশ্রমিক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনায় ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষক নিহত : খুলনায় ট্রাকের ধাক্কায় পঞ্চানন গোলদার (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের পাগল গোলদারের ছেলে পঞ্চানন ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রি মহাবিদ্যালয়ের আইসিটি শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পঞ্চানন মোটরসাইকেলযোগে কৈয়া বাজার থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিণটানা থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।