কাশ্মীরিরা স্বাধীন হবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে, সে সিদ্ধান্ত তাদের বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘ভবিষ্যতে গণভোটে কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়ে মত দিলেও, তাদের আবারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে।’
গতকাল শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু-কাশ্মীরের রাজধানী কোটলিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খান।
১৯৪৮ সালে কাশ্মীরিদের দেওয়া বিশ^বাসীর প্রতিশ্রুতি পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি প্রথমত মনে করিয়ে দিতে যে কাশ্মীরের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি জাতিসংঘকে সব সময় মনে করিয়ে দেব, তারা কাশ্মীরিদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।’
ভবিষ্যতে গণভোটের আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, ‘পাকিস্তানশাসিত কাশ্মীরের পাশাপাশি ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা যখন নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে এবং যখন পাকিস্তানকে বেছে নেবে, তখন কাশ্মীরিরা পাকিস্তানের অংশ হবে নাকি স্বাধীন থাকবে, তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হবে।’
ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন আমার সঙ্গে আলোচনার প্রস্তাবে এগিয়ে আসেন না, তা আমার বুঝে আসে না। মোদির জন্য আমার সবচেয়ে বড় বার্তা হলোথ আপনি ভারতে যে বিভাজন করছেন, এই হিন্দুত্ববাদী আদর্শ হয়তো আপনাকে নির্বাচনে জেতাতে পারে। তবে আপনি ভারত ধ্বংসের ভিত্তি স্থাপন করে যাচ্ছেন।’
ইমরান খান বলেন, ‘আমি আবারও বলছি, আসুন, একসঙ্গে কাশ্মীর ইস্যু সমাধান করি। এ জন্য প্রথমত গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে পদক্ষেপ নিয়েছিলেন, তা পুনর্বহাল করা উচিত। এরপর আমাদের সঙ্গে কথা বলা এবং জাতিসংঘের নিয়ম অনুসারে কাশ্মীরিদের যে অধিকার, তা দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আবার কথা বলতে প্রস্তুত। তবে কখনো ভাববেন না, দুর্বল অবস্থায় বলে আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছি।’