অভিশংসন প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে নারাজ ট্রাম্প

যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে অনুষ্ঠিত হতে যাওয়া অভিশংসন বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে জবানবন্দি দিতে এবং জিজ্ঞাসাবাদে অংশ নিতে নারাজ ট্রাম্প। প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের পক্ষ থেকে আকস্মিকভাবে জানানো এ অনুরোধ সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সিনেটে অভিশংসন বিচার প্রক্রিয়ার জন্য জবানবন্দি দিতে গত বৃহস্পতিবার আকস্মিকভাবে সাবেক এই প্রেসিডেন্টকে অনুরোধ জানান হাউজ ইম্পিচমেন্ট ব্যবস্থাপকরা। ট্রাম্পকে শপথ পড়িয়ে ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে তার নিজের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে। তবে প্রস্তাবটি দেওয়ার সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে সেখানে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা। সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে প্রস্তাবটি। অবশ্য এরই মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়েছে।