শ্রমিককে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কারখানার মালিক গ্রেপ্তার

সাভারে এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম (৪২) নামে এক পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক নারী শ্রমিক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে ভোরে পুলিশ তাকে আটক করে। 

গ্রেপ্তার কাইয়ুম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার পার দেবুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় অবস্থিত একটি অ্যাপারেলস অ্যান্ড প্রিন্টিং কারখানার মালিকদের একজন।

থানা পুলিশ জানায়, কারখানার এক নারী শ্রমিককে (১৭) গত দুই মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল অংশীদারি মালিক মো. কাইয়ুম। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু কাইয়ুম তার কথায় কান না দিয়ে বিভিন্নভাবে গড়িমসি শুরু করলে বাধ্য হয়ে শুক্রবার রাতে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী শ্রমিক। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তাহমুদুল ইসলাম বলেন, ভুক্তভোগী একজন নারী শ্রমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে গার্মেন্টস মালিক কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধর্ষণের কথা শিকার করায় শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।