ঋণ ও মূলধনের অপর্যাপ্ততা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার বড় বাধা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার অনলাইনে আয়োজিত দুই দিনব্যাপী এশীয় নারী-উদ্যোক্তা সামিট ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘কভিড-১৯ ক্ষুদ্র উদ্যোক্তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নারী-উদ্যোক্তাদের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরও বেশি।’ এই ক্ষতি কাটিয়ে উঠতে নারী-উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত ঋণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার ওপর জোর দেন তিনি। বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেনস ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘বৈশ্বিক মহামারী থেকে উদ্ধারের কৌশল : নারী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা-প্রেক্ষাপট এশিয়া’ শীর্ষক ভার্চুয়াল সামিটে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।