সারা দিনের কাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহ বাবু (৩৭)। হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টির (১২)। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেলেন শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ বাবুর বাড়ি ঢাকা-পাবনা মহাসড়কের পাশে। ওই বাড়ির কাছেই মহাসড়কে নতুন একটি সেতুর নির্মাণকাজ চলছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে বসেন শাহ বাবু। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই একটি ট্রাক ঘরে ঢুকে পড়ে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের বাঘাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ করে ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে অল্পের জন্য রক্ষা পান শাহ বাবুর স্ত্রী ও ছেলে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বরিশালে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ : বরিশালের গৌরনদী উপজেলায় কাভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খাঞ্জাপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকের চালক এবং সহকারী নিহত হন। তারা হলেন ট্রাকচালক বরিশালের মেহেন্দিগঞ্জের চরতলা গ্রামের আব্দুল কাদের বয়াতির ছেলে মো. আক্তার (৩০), বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রাসেল (২২) ও চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সুমনের ছেলে সোহান (৩০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বরিশালগামী একটি ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে ওই ট্রাক চালকের ঘনিষ্ঠ বরিশালগামী আরেকটি ট্রাকের চালক সেখানে গাড়ি থামিয়ে খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুই ট্রাকের চালক এবং এক ট্রাকের চালকের সহকারী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
দুমকিতে বাসচাপায় কিশোর নিহত : পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে রিয়াদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাটে পারাপারের অপেক্ষমাণ ভ্রমণ বাসের যাত্রী রিয়াদসহ (১৭) কয়েকজন পর্যটক গাড়ির পাশে দাঁড়িয়ে ফেরির অপেক্ষা করছিল। এ সময় পেছন থেকে একটি বাস রং সাইড দিয়ে দ্রুত বেগে ফেরিতে উঠতে গিয়ে রিয়াদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর জানাজানির আগেই বাসটি ফেরি পার হয়ে চলে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিয়াদ মাদারীপুরের ঝিকরহাটি এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পরিবারের আবেদন ও জেলা প্রশাসকের অনুমতির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।