করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই যাচ্ছে ১০ ধনী দেশে। এখনো ১৩০ দেশের প্রায় ২৫০ কোটি মানুষ টিকার আওতার বাইরে রয়েছে বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে গত শুক্রবার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসিস জানান, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, ‘অল্প সময়ে এটা বিরাট সাফল্য, একদিক থেকে দেখলে অবশ্যই আনন্দের খবর। তবে ১৩০ দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনো একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি।’
ড. গেব্রিয়াসিস তার বক্তব্যে ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাদান শেষে থেকে যাওয়া ভ্যাকসিনগুলো দরিদ্র দেশগুলোকে দিয়ে সাহায্য করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ‘টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানো প্রয়োজন।’
ফ্রান্সের সানোফি গত সপ্তাহে জানিয়েছিল, তারা আগামী জুলাই থেকে ফাইজারকে এই বছর ১০ কোটি ডোজের বেশি টিকা সরবরাহে সহায়তা দিতে চায়। সেই প্রসঙ্গ টেনে গেব্রিয়াসিস বলেন, ‘গত সপ্তাহে সানোফি ঘোষণা দিয়েছে যে তারা ফাইজার/বায়োএনটেকের টিকার উৎপাদনে সহায়তা দিতে নিজেদের অবকাঠামো ব্যবহার করার সুযোগ দেবে। অন্য প্রতিষ্ঠানগুলোকেও এই উদাহরণ অনুসরণের আহ্বান জানাচ্ছি।’