যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান ম্যাককনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সে দেশে সফররত বাংলাদেশের সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের আমন্ত্রণে গত ২৯ জানুয়ারি ঢাকা ছাড়েন জেনারেল আজিজ আহমেদ। ম্যাককনভিলের সঙ্গে সাক্ষাতের সময় জেনারেল আজিজ আহমেদ তাকে ক্রেস্ট উপহার দেন।
যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অফ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ নেন সেখানে। তিনি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করবেন। আইএসপিআর বলছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।