এরশাদের নামে ‘পল্লীবন্ধু পদক’ দেবে জাতীয় পার্টি

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি। গতকাল শনিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পদকের নাম হবে পল্লীবন্ধু পদক।

জাতীয় পার্টি জানায়, এরশাদের জন্মদিন উপলক্ষে সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সংগীত, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নÑএই আট বিভাগে পদক দেওয়া হবে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও লিয়াকত হোসেন খোকা। কমিটিতে সদস্য থাকছেন মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, বেলাল হোসেন, মাখন সরকার, সুলতান মাহমুদ ও নাজমুল খান।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পদক কমিটির সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয়। সুনীল শুভরায়কে আহ্বায়ক, রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়।

সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে। এরশাদ জীবদ্দশায় ২০ মার্চ কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেও জাতীয় পার্টির ওয়েবসাইটে তার জন্মতারিখ উল্লেখ করা ছিল ১ ফেব্রুয়ারি ১৯৩০।