হুঙ্কার দিয়ে লাভ নেই, জারিজুরি ফাঁস হচ্ছে : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হুঙ্কার দিয়ে লাভ নেই। আপনাদের জারিজুরি সব ক্রমাগতভাবে ফাঁস হচ্ছে। জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে বর্তমান শাসন সম্পূর্ণরূপে গণতন্ত্রবিবর্জিত।’ গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির অপরাজেয় জীবনীশক্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যায়ের বিরুদ্ধে তার অঙ্গীকারাবদ্ধ মুষ্টিবদ্ধ হাত দেখে আজও লাখো মানুষের হৃদয়ে সংগ্রামী চেতনা ছলকে ওঠে। সেই নিপীড়িত-নির্যাতিত  নেত্রী খালেদা জিয়াকে আজ প্রায় তিন বছর ধরে আটকে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। গত মার্চে কারাগার থেকে বাড়িতে নিয়ে আসা হলেও তিনি মূলত গৃহবন্দি। যিনি অপরিসীম নিষ্ঠা সহকারে ভালোবাসা দিয়ে দেশের জনগণের অধিকারকে পুনরুদ্ধার করেছিলেন সেই নেত্রী এখন গৃহবন্দি। ইনশাল্লাহ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে  দেশনেত্রীকে এদেশের জনগণ মুক্ত করবেই।’

‘নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির ৬ মহানগরীর মহাসমাবেশ কর্মসূচিকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনরোষের ভয়ে ওবায়দুল কাদের সাহেবরা ঘরে বসে হুঙ্কার দিচ্ছেন। এই হুঙ্কার দিয়ে লাভ নেই।’

তিনি বলেন, ‘সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার যা সংবিধান স্বীকৃত। গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা-সমাবেশ করা। আর সেই সভা-সমাবেশ বন্ধ করার হুমকি কোনো রাজনৈতিক নেতা দিতে পারেন না, সেটি কেবল মাফিয়ারাই দিতে পারে।’

বিএনপির এই নেতা বলেন, ‘নড়াইল আদালতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম পিটুনিতে আহত হয়েছেন খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি শাহিনুর রহমান শাহীন, রুপসা থানা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিবসহ আরও অনেকে।’