যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় মহাসড়কের ওপর বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে পড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শনিবার দুপুর দুইটার সময় নওয়াপাড়ার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বিকল্প বাইপাস সড়ক দিয়ে চলছে যান চলাচলের চেষ্টা করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, দুপুর দুটার সময় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে। সাথে সাথে ওই খুঁটির সাথে নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে থাকা সংযোগকৃত অপর দুটি খুঁটিও ভেঙে পড়ে। খুঁটি তিনটি ভেঙে যশোর-খুলনা মহাসড়কের ওপর পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম মহসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাট এলাকায় থাকা খুঁটিটি দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ ওই খুঁটি সংস্কার না করায় ব্যবসায়ীরা একবছর আগে নিজেরা মিলে ওই খুঁটিটির চারপাশে ঢালাইয়ের ব্যবস্থা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, যানবাহনের ধাক্কায় একটি খুঁটি ভেঙে পড়ার কারণে অপর দুটি খুঁটিও ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।
তবে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, কোনো ধরণের যানবাহনের ধাক্কায় খুঁটিগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ পাইনি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিকল্প পন্থায় যান চলাচলের জন্য বাইপাস সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।