বিজিবি মহাপরিচালকের টেকনাফ সীমান্ত পরিদর্শন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন।

শনিবার দিনব্যাপী বাংলাদেশ-মিয়ানমার কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। 
এসময় তিনি বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালকের এ সফর প্রসঙ্গে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খান সন্ধ্যায় টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপিতে সাংবাদিকদের ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন-‘ বিজিবি মহাপরিচালক নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে টেকনাফ সফর  করেছেন। সীমান্তে কর্মরত আমরা বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধির জন্যই মূলত মহাপরিচালকের এ সফর।’ 

বিজিবি কমান্ডিং অফিসার বলেন, মিয়ানমারে সাম্প্রতিক যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।  সীমান্তে বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অতিরিক্ত কোন বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বিজিবি কমান্ডিং অফিসার সাংবাদিকদের আরো জানান, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন আশংকাও এ মুহূর্তে  দেখা দেয়নি। যদি এরকম শংকা দেখা দেয় তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।