কুষ্টিয়ায় টিকা নিলেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিরোধীরা কেবল বিরোধিতার স্বার্থে ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার ও মিথ্যাচার করে চলেছেন। কিন্তু সর্বশেষ এটাই চরম সত্য প্রতিষ্ঠিত হয়েছে যে প্রধানমন্ত্রীর বিচক্ষণ উদ্যোগের মাধ্যমে দেশে ভ্যাকসিন এসেছে এবং পরিশেষে তা দেশবাসীর মধ্যে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে’।

রবিবার বেলা সাড়ে ১১টায় ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলায় কভিড-১৯র ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সেখানেই টিকা গ্রহণ করেন।

কুষ্টিয়া-৩ সদর আসনে সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, যখন থেকে দেশে টিকা নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় তখন থেকেই দেশের কিছু বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং কিছু রাজনৈতিক দল অত্যন্ত নেতিবাচক কথাবার্তা বলেছিল।

‘তাদের কাছ থেকে এমনও কথা শুনতে হয়েছিল যে, এইবার করোনায় দেশের রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, এই দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা সরকারের নেই, কিন্তু তাদের এই ধারণা, ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাতে এই সংকট মোকাবিলা করেছেন।

এর মধ্য দিয়ে প্রমা নিত হয়েছে যে, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং কিছু রাজনৈতিক দল যা বলেছিলেন তা শুধুমাত্র মিথ্যাচারের জন্যই মিথ্যাচার করেছেন’।

হানিফ আরও বলেন, ভ্যাকসিন দেশে আসার পরও এরা মিথ্যাচার করে মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে এক বিভ্রান্তির সৃষ্টি করে চলেছেন। তারা বলেছেন যে ভ্যাকসিন দেশে এসেছে তা স্বাস্থ্যসম্মত নয়, এটা আগে প্রধানমন্ত্রীকে নিতে হবে, প্রমাণ করতে হবে এই ভ্যাকসিনে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই ইত্যাদি ইত্যাদি। এই প্রচারণা চালিয়ে তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে’।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোসা. নুরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ এর সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ডা. এমএম মুসতানজিদ, সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলামসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।