সময়ের আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। মিউজিক ভিডিওর পর এবার নাটকে দেখা যাবে নোবেলের অভিনয়! ভালোবাসা দিবসে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান ‘অসহায়’। এ নিয়েই কথা বলেছেন তিনি
প্রথমবার নাটকে...
গত বছর ‘তামাশা’ ও ‘অভিনয়’ নামের দুটি একক মৌলিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অভিনয় করেছিলাম। তবে নাটকে অভিনয় করছি এটা আসলে বলা যায় না। বিষয়টা হলো, ভালোবাসা দিবসকে ঘিরে প্রকাশ হতে যাচ্ছে নতুন গান ‘অসহায়’! এ গানটির সুবাদেই আমাকে টিভি নাটকে দেখা যাবে। এবারই প্রথম নাটকের জন্য গাইলাম। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘পারবো না ভুলতে তোকে’ নামের এই নাটকের একটি অংশেও আমাকে দেখা যাবে। কণ্ঠশিল্পী হিসেবেই নাটকের দৃশ্যে অংশ নিয়েছি। ‘অসহায়’ গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। গান ও নাটক দুটোই আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে গানটি গাইবার। আশা করছি, এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।
আসিফের প্রশংসা...
অনেকে তো আমাকে ভালো চোখে দেখতে পারে না। কিন্তু সম্প্রতি আমাদের সবার প্রিয় গায়ক আসিফ আকবর আমাকে নিয়ে বলেছেন, ‘নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ।’ এটা আমার জন্য অনন্ত আনন্দ ও গৌরবের বিষয়। জানি না, আসলেই তার কথার যোগ্য কি না। তবে এটুকু বলতে পারি, তিনি আসলেই আমাকে চিনতে পেরেছেন। যেটা অনেকেই পারেন না। অনেক মানুষ আমাকে ভুল বোঝে। যারা তার ফেইসবুকে আমাকে নিয়ে লেখা স্ট্যাটাসটি পড়েছেন, তারা জানেন। তিনি লিখেছেন, ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কী করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশিপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশি। এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি, কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’
প্লেব্যাকে...
সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’-এর মাধ্যমে দেশে আমার প্লেব্যাকের যাত্রা শুরু হলো। ইফতেখার শুভ পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, পরীমনি ও রোশান। এর আগে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ ছবিতে অনুপম রায়ের সংগীতায়োজনে ‘তোমার মনের ভেতর’ গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। ওটাই আমার সিনেমায় গাওয়া প্রথম গান। আর ‘মুখোশ’ সিনেমার টাইটেল গানটি লিখেছেন তরুণ কবি ও গীতিকার আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনা করবেন আহমেদ হুমায়ূন। সিলেট, সাভার ও ঢাকার মধ্যে বিভিন্ন স্থানে গানটির শ্যুটিং হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আশা করছি এ বছরই বড় পর্দায় আমার গানটি সবাই দেখতে পাবেন।