বিশেষ অর্থনৈতিক অঞ্চল

নরওয়েকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিনিয়োগ করা হলে এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ সম্ভবপর হবে।’

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এস্পান রিকটার সুইভেনসেন গতকাল রবিবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পর ব্রিফিংকালে এ কথা বলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

প্রধানমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ করে আইসিটি এবং পরিবেশবান্ধব পাট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, কেননা দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। তার সরকার জাহাজ নির্মাণ শিল্পে সব ধরনের সহযোগিতা প্রদান করছে বলেও জানান তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে এবং যুদ্ধের পর জাতি পুনর্গঠনে নরওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শেখ হাসিনা নরওয়ের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরওয়ের রাষ্ট্রদূতকে আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে দেশব্যাপী কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করেছে।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, তার দেশ সেসব দেশের মধ্যে রয়েছে যারা মুক্তিযুদ্ধের পর পরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।

স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নরওয়ে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তার দেশ বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী।

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ : প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ সারা দেশে এলএনজির প্রয়োজনীয়তা উল্লেখ করলে হাইকমিশনার বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই দু’দেশ পিটিএ (প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন  হাইকমিশনার।

রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে হাজনাহ মো. হাশিম বলেন, এ ব্যাপারে তারা সবসময় বাংলাদেশের পক্ষে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা সম্প্রতি স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছাড়তে আরম্ভ করেছে। মালয়েশিয়ার দূত বাংলাদেশের শিক্ষা এবং জাহাজ শিল্প খাতের সঙ্গে তার দেশের যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের গৃহহীনদের অন্তত একটি করে ঘর দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার তার দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : বাংলাদেশে নবনিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোই হবে রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। তিনি গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, তুরস্কের রাষ্ট্রদূত বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক সবসময়ই বাংলাদেশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর পরই তুরস্কের ফার্স্ট লেডির কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূত সে দেশের ব্যবসায়ীদের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী তাতেও সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বৈরুতে বোমা বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মেরামতে সহযোগিতার জন্যও তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালনকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করে তার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন। তিনি তুরস্কের প্রেসিডেন্টকেও শুভেচ্ছা জানান।

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কের নামে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। বাসস।