সারা দেশে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। গতকাল রবিবার দেশের বিভিন্ন জেলায় মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কভিশিল্ড টিকা নিয়েছেন। একই সঙ্গে সর্বস্তরের জনতাকে টিকা নিতেও উদ্বুদ্ধ করেছেন তারা। এদিন সকাল থেকেই বিভিন্ন স্থানে টিকা প্রয়োগের মাধ্যমে কেন্দ্রগুলোর উদ্বোধন করা হয়। আগে থেকেই নির্ধারণ করা টিকা গ্রহীতারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নেন। আজ সোমবারও এই টিকাদান কর্মসূচি চলবে। বিস্তারিত আমাদের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে:
ঢাকার কেরানীগঞ্জে গতকাল সকালে টিকা গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মশিউর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন মিয়া টিকা নেন।
বরিশালে প্রথম দিন করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে ৮৭৭ জন। সকালে প্রথম টিকা নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক ডা. মো. বাকির হোসেন। এ ছাড়া অধ্যক্ষ প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহিন এবং সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. অসীত ভূষণ দাসসহ অনেকেই টিকা নিয়েছেন।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ করোনার টিকা নেন।
চট্টগ্রাম নগরীতে গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে প্রথমে টিকা নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম পুলিশ রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ নগরীতে ৪২৩ ও ১৪ উপজেলায় ৬৬৭ জন টিকা নেন।
সিলেটে গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন প্রথমে টিকা নেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ।
রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার টিকা গ্রহণের মধ্য দিয়ে রাজশাহীতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে তিনি করোনার টিকা নেন।
চট্টগ্রামের বাঁশখালীতে প্রথম করোনা রোগী ডা. আসিফুল হকের টিকা গ্রহণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
কক্সবাজারে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এদিন প্রথম টিকা গ্রহণ করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী।
বাগেরহাট সদর হাসপাতালে গতকাল সকালে করোনার টিকাকেন্দ্র উদ্বোধনের পর প্রথম টিকা নেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এরপর পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরসহ স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা টিকা নেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিত্র সিনহা। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। গতকাল সকালে স্বাস্থ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা প্রয়োগ কার্যক্রম শুরুর পর মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ টিকা নেন।
গতকাল সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান বুথে টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খানসহ অনেকেই টিকা নেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ শুরু করা হয়েছে। গতকাল সকালে ৫০ শয্যাবিশিষ্ট পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বিশেষ বুথে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।
নোয়াখালীতে প্রথম দিনে ৪৬৯ জন করোনার টিকা নিয়েছেন। গতকাল সকালে নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী নিজে টিকা নিয়ে জেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান ও সিভিল সার্জন মো. সফিকুল ইসলামের উপস্থিতিতে গতকাল সকালে ডা. শক্তি রঞ্জন ম-লকে প্রথম টিকা দেওয়ার মধ্য দিয়ে এই টিকাদান কর্মসূচির শুরু হয়।
সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গতকাল সকালে জেলা সিভিল সার্জন আয়োজিত টিকাদান কার্যক্রম শুরু করেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না।
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ ও টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের টিকা গ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সাংসদ সেলিম উদ্দিন তরফদার।
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল দুপুরে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এদিন প্রথম টিকাটি গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
দিনাজপুরের হাকিমপুরে গতকাল সকালে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও সাবেক স্বাস্থ্যকর্মী।
জামালপুর জেনারেল হাসপাতালে গতকাল সকালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ মির্জা আজম। এদিন প্রথম করোনার টিকা নেন সিনিয়র স্টাফ নার্স বৃষ্টি নাগ।
যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহম্মেদের টিকা গ্রহণের মধ্য দিয়ে গতকাল জেলায় কার্যক্রমের উদ্বোধন হয়। এদিন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলসহ কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিবিদরা টিকা নেন।
ঝিনাইদহে গতকাল সকালে জেলা সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়। জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সাংসদ খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা নেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গতকাল সকালে প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। পরে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলামসহ অন্যরা টিকা নেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এদিন প্রথমে জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান টিকা নেন।
পটুয়াখালীর দুমকিতে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের সভাপতিত্বে আয়োজিত সভা শেষে টিকা প্রদান কার্যক্রমের সূচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ডিন আ ক ম মোস্তফা জামান।
ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। প্রথম দিন জেলার দুই হাজার মানুষ টিকা নেন। প্রথম টিকা নেন ফরিদপুর মেডিকেল কলেজের নার্স ফাতেমা বেগম ও ডা. অনন্ত কুমার বিশ্বাস।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গতকাল দুপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে টিকাদান অনুষ্ঠানের উদ্বোধন করেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রথম টিকা গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে টিকা নেওয়ার মধ্য দিয়ে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও সিভিল সার্জন ডা. আবদুল গাফফার। অন্যদিকে রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খান।
লালমনিরহাট সদর হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু জাফর। এদিন প্রথমে টিকা নেন সদর হাসপাতালের সিনিয়র নার্স চামেলি বেগম। এদিন বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়সহ অনেকেই টিকা নেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। প্রথম দিন টিকা নেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কু-ু।
মোংলায় প্রথম করোনা টিকা নিয়েছেন মুক্তিযোদ্ধা আবদুল গণি মাতুব্বর। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে প্রথম টিকা নেওয়ার পর টিকা নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
নড়াইলে প্রথম করোনার টিকা নেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। গতকাল সকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রথম ভ্যাকসিন নেন। অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা।
নাটোরে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। গতকাল সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে এ টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে টিকা নেন তিনি। এর আগে প্রথম টিকা গ্রহণ করেন সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ আলী শেখ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে টিকা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল সকালে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান করোনার টিকা নেন।
পটুয়াখালী জেলায় ৮টি হাসপাতালে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এরপর একে একে টিকা নেন সিভিল সার্জন বিপাশ খীসা, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেনসহ অনেকেই।
সাতক্ষীরায় করোনার টিকাদান কর্মসূচির প্রথম দিনে সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ, বিজিবি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। এদিন সকালে সদর হাসপাতালে টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক ড. আতাউল গনির শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর টাঙ্গাইল পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খানসহ অনেকেই টিকা নেন।
কুমিল্লায় করোনা টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এরপর জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম প্রমুখ টিকা নেন।
নীলফামারীতেও একযোগে শুরু হয়েছে করোনা টিকা প্রয়োগ কর্মসূচির। গতকাল প্রথম দিনে কার্যক্রমের উদ্বোধনের পর নীলফামারী জেনারেল হাসপাতালে জেলার প্রথম টিকা গ্রহণ করেন ওই হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স জেসমিন নাহার সেতু।
গাজীপুরে করোনার প্রথম টিকা নেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। দ্বিতীয় টিকাটি নিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন। এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডবোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম কার্যক্রম উদ্বোধন করেন।
ময়মনসিংহের ভালুকায় টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। প্রথম দিন তিনি ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ অনেকেই টিকা নেন।
চট্টগ্রামের চন্দনাইশে করোনার প্রথম টিকা নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আবদুল জব্বার চৌধুরী। এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সাভারে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব কার্যক্রমের উদ্বোধন করেন।