নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’-এর ঘোষণা অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা পোষণ করলেন অনন্ত জলিল।
রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানে।
সেখানে অনন্ত জানান, শাকিবের সঙ্গে ছবি করলে দেশের ৯০ ভাগ সিনেমা দর্শক খুশি হবেন। অনেকে চায় অনন্ত জলিলের সঙ্গে শাকিব খান একটি ছবি করুক। সামনে তিনি এ নায়কের সঙ্গে অভিনয় করতে চান।
হালে যৌথ প্রযোজনার দিকে জোর দিয়েছেন ‘মোস্ট ওয়েলকাম’ অভিনেতা। আরও জানান, দুই নায়কের সেই ছবি যৌথ নয় দেশীয় প্রযোজনায় হবে।
‘নেত্রী দ্য লিডার’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষা, যার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বা দেহরক্ষী হিসেবে থাকবেন অনন্ত জলিল।
তিনি জানান, ছবিতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন। যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমায় থাকছেন আরও দুজন পরিচালক। তাদের একজন দক্ষিণ ভারতের উপেন্দ্র মাধব। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুরস্কের ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস।
সিনেমার গল্প সম্পর্কে অনন্ত বলেন, “আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে। সেখানে এক নেতা মারা যাওয়ার পর, পার্টির সম্মতিতে তার মেয়ে নেত্রী হন। তাকে নিয়েই সিনেমার গল্প এগোবে।”
সংবাদ সম্মেলনে অনন্ত জলিল আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘নেত্রী দ্য লিডার’র শুটিং শুরু হবে। চার দিন শুটিংয়ের পর তারা যাবেন সিলেটে। বাংলাদেশ, ভারতের হায়দরাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে ছবির শুটিং হবে।
কয়েকটি ভাষায় নির্মিত হবে ‘নেত্রী দ্য লিডার’। এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে।