পটুয়াখালীর মহিপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ঘটনার চার দিন পার হলেও অপহৃত ও নির্যাতনের শিকার রায়হানকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে রায়হান শ্বশুরবাড়ি তালতলির উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার বিকেলে ফেইসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ ছেলেকে শনাক্ত করেন বাবা আবুল কাশেম। এ ঘটনায় শুক্রবার রাতে একটি সাধারণ ডায়েরি করেন মহিপুর থানায়। রবিবার রাতে ৯ জনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন বাবা আবুল কাশেম।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রবিউল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃতকে উদ্ধারসহ সম্পৃক্তদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।