ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আন্দোলনকারীদের ‘ছুড়ে ফেলতে হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সোমবার ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবে ধন্যবাদ দেওয়ার সময় কৃষক আন্দোলন নিয়ে মোদি এসব কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
আন্দোলনকারী কৃষক ও তাদের সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘আমরা ‘শ্রমজীবী’ শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ, এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।’
মোদি বলেন, পরিবর্তন আনা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোনোও প্রয়োজন। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য পরিবর্তন আনা জরুরি। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। মোদি বলেন, ‘এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদি সরকার এই সংস্কার কার্যকর করতে চলেছে, সেই ব্যক্তিরাই এখন অন্য কথা বলছেন।’