গোপালপুর পৌর নির্বাচন

আ.লীগ ও বিদ্রোহী মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনের প্রচারকালে আওয়ামী লীগের মনোনীত এবং দলটির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের সোমেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. খলিল (৩৫) ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিনের সমর্থক। গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছায়। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিল। বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াসউদ্দিনের বাসায় হামলা চালান। তারা তার ভাইয়ের দোকানও ভাঙচুর করেন। এ হামলার খবর তার গ্রাম ডুবাইল এলাকায় পৌঁছার পর সেখানে উত্তেজনা দেখা দেয়। গিয়াসউদ্দিনের সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে সোমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালান। এ সময় খলিল নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, রাত সাড়ে ৭টার দিকে দুই ব্যক্তি আহত অবস্থায় তার হাসপাতালে আসেন, এদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। আরেকজন জরুরি বিভাগেই মারা যান।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত খলিলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত মামলা হয়নি।’ সংঘর্ষের পর গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদারের পাশাপাশি উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক। দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াসউদ্দিন।