টিকা নিয়ে ভালো আছি, আপনারাও নিন : প্রধান বিচারপতি

আইনজীবীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টিকা নিয়ে তিনি ভালো আছেন এবং বিচারকাজ পরিচালনা করছেন বলেও উল্লেখ করেছেন তিনি। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গতকাল (রবিবার) টিকা নিয়েছি। ভালো আছি। বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।’ এ সময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আমরা টিকা নিয়ে নেব। সবাই মিলে নেব।’

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ এবং হাইকোর্ট বিভাগের ৪৮ জন বিচারপতিসহ ৫৫ বিচারপতি গত রবিবার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন। ওইদিন দেশব্যাপী শুরু হওয়া গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে উচ্চ আদালতের বিচারকরা টিকা নেন। প্রধান বিচারপতি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন। সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশব্যাপী ১ হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।