কিশোরগঞ্জ কারাগারে আসামিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ  আব্দুল হাই (২৮) নামে এক হাজতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আরেক আসামির বিরুদ্ধে। ঘটনাটি সোমবার শেষ রাতে ঘটেছে। 

নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে বলে জানা গেছে। মাদক মামলায় তিনি হাজতি আসামি হিসেবে কারাগারে ছিলেন।

কারাগার ও অন্যান্য সূত্রে জানা যায়, কারাগারের অভ্যন্তরে আব্দুল হাই ও সাইদুর মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইদুর মিয়া বাথরুম থেকে কাঠ এনে আব্দুল হাইকে বেদম পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় অপর এক হাজতি জাহাঙ্গীর আহত হন। তিনি নিকলী উপজেলার নয়াহাটি গ্রামের ইসমাইলের ছেলে। সাইদুর মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার কালনা মাইজপাড়া গ্রামে।

নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলায় তিনি হাজতবাস করছেন বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে জেল সুপার বজলুর রশিদ জানান, এই মুহূর্তে এ ব্যাপারে আমি কিছু জানাতে পারবো না।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি সিভিল সার্জন।

এ কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে তারপর বিস্তারিত জানাতে পারবো।