দাউদকান্দিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের রায়পুর এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ম্যানেজার আল আমিন মুন্সি বাবু জানান, উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঁচ মাস আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লি. এর এজেন্ট ব্যাংকিং শাখা স্থাপন করা হয়।
তিনি বলেন, সোমবার দিনের কার্যক্রম শেষ করে প্রতিদিনের মতো ম্যানেজার ব্যাংকটি বন্ধ করে বাড়ি চলে যাই। আজ মঙ্গলবার সকালে দরজার তালা খুলতে গিয়েই প্রথমে সন্দেহ হয়েছে। কারণ তালাটি সহজেই খুলে যায়। পরে ভেতরে গিয়ে দেখি কাগজপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। আর লকারে থাকা ৬ লাখ ৪০ হাজার টাকা ও সিসি ক্যামেরার ডিভাইসটিও নেই।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ডিবি ও সিআইডি পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কার্যক্রম চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।