ক্লিংকারের মূল্যবৃদ্ধিতে বিসিএমএর উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে সিমেন্টের কাঁচামালের অব্যাহত মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারের দামবৃদ্ধির প্রভাব দেশীয় সিমেন্ট খাতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশে সিমেন্ট তৈরির যে কয়েকটি মূল কাঁচামাল রয়েছে তার সবগুলোই আমদানিনির্ভর এবং এরমধ্যে ক্লিংকার অন্যতম। প্রতি টন ক্লিংকার আমদানি করতে আগে যেখানে ৪২ মার্কিন ডলার খরচ হতো, এখন সেখানে লাগছে ৪৬ মার্কিন ডলার। অর্থাৎ প্রতি টন ক্লিংকার আমদানিতে ৪ মার্কিন ডলার খরচ বেড়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ক্লিংকার প্রস্তুতে ব্যবহৃত জ্বালানি কয়লার দাম বেড়ে যাওয়ায় ক্লিংকারের উৎপাদন খরচ বেড়েছে। চীন হঠাৎ করে কয়লার আমদানি বৃদ্ধি করায় কয়লার দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন পর্যায়ে আগে যেখানে প্রতি টন কয়লার মূল্য ছিল ৪০ থেকে ৪২ মার্কিন ডলার, সেটি এখন দাঁড়িয়েছে ৮২ মার্কিন ডলারে।