পাবনায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন

পাবনার রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুজনকে মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

এ মামলায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো পৌর সদরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমান মিজান ও তার ছেলে তুষার রহমান। যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলো গোবিন্দা মহল্লার মাসুম হোসেন, কাছারীপাড়ার আরশেদ আলী, পৈলানপুর মহল্লার মিশু হোসেন।

খালাসপ্রাপ্তরা হলো মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, উজ্জ্বল হোসেনের স্ত্রী পান্না বেগম এবং রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বেলা ৩টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদী হয়ে পাবনা সদর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিল। বাকিরা পলাতক।