চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকের ধাক্কা খেয়ে রেল ওয়াগনের সঙ্গে পিষ্ট হয়ে সাজু আহমেদ (২৩) নামের এক রেলইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে দর্শনা রেলবন্দরের রেল ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে কয়েকজন শ্রমিক মাল লোড-আনলোডের কাজ করছিলেন।
এর মধ্যে লতিফ ট্রেডার্সের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) মাল ভর্তি করছিলেন শ্রমিকেরা।
ট্রাকে মাল ভর্তি হওয়ার পর ট্রাকটি পেছনে নেয়া হয়। ট্রাকটি পেছানোর কারণে ধাক্কা খেয়ে মালবাহী ট্রেনের মাঝখানে পড়ে শ্রমিক সাজু পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দর্শনা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, ট্রাক ও মালবাহী ট্রেনের চাপে আঘাতপ্রাপ্ত হন সাজু। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পুলিশ গিয়ে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার কবলে পড়া জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার লতিফ ট্রেডার্সের ট্রাকটি ড্রাইভারের পরিবর্তে হেলপার চালাচ্ছিল। তাই না বুঝে উল্টো ট্রাক পেছাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।