রংপুরে বদরগঞ্জে মহিলা মাদ্রাসার বাথরুম থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাতিজাদুল কোবরা বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় বাড়ির পাশের ওই আবাসিক মাদ্রাসায় চার ছর ধরে পড়াশোনা করছেন খুশি। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর কান্নাকাটি করতে করতে মাদ্রাসার ভেতরে বাথরুমে যায় খুশি। অনেকক্ষণ পরও বের না হওয়ার অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় খুশির মা আদুরী বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ আলী বলেন, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।