লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকার সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে গতকাল বুধবার সকালে সদর থানায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীসহ অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাইদুল ইসলাম (৫৪) জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার রাতে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে, লালমনিরহাট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, তারা নিজেরাই এই ঘটনা ঘটানোর পর আমাদের লোকজনদের হয়রানি করতে মামলা করেছে। এখানে বিএনপি’র লোকজন জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আমরা এ ঘটনায় ইতিমধ্যেই মামলা করেছি। লালমনিরহাটের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ধানের শীষ ও নারিকেল গাছের প্রতীক এক হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা নির্বাচনী পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, মামলাটি ইতিমধ্যেই নথিভুক্ত করে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।