ভোটের লড়াইয়ে শ্বশুর-জামাতা

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে এলাকায় প্রচার-প্রচারণা আর গণসংযোগ চালাচ্ছেন। তবে এবার ৮নং ওয়ার্ডে মুখরোচক খবর হয়ে উঠেছে জামাতা-শ^শুরের প্রার্থিতা। দুজনই কাউন্সিলর পদে ভোট চাইছেন ওয়ার্ডজুড়ে।

তারা হলেন ৮নং ওয়ার্ড পৌর শহরের দেবগ্রাম এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা বর্তমান কাউন্সিলর বাবুল মিয়া (পাঞ্জাবি প্রতীক) ও তার জামাতা উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবির (পানির বোতল প্রতীক)। জামাতা-শ্বশুরের ভোটের লড়াই পৌর এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

কাউন্সিলর বাবুল মিয়া বলেন, সব সময় সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। গত পৌরসভা নির্বাচনে জনগণের রায় নিয়ে বিজয়ী হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। তাই এলাকাবাসীর পরামর্শে এবারও প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, লড়াই ছাড়া নির্বাচন হয় না। মেয়ের জামাই আমার প্রতিপক্ষ। আর এলাকাবাসীও আমার কাছে অনেক বড়।

প্রার্থী হুমায়ুন কবির বলেন, আমার বাবা মন্তাজ মিয়া এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি মৃত্যুর আগে আমাকে সবসময় এলাকাবাসীর পাশে থাকতে বলেছিলেন। বাবার আদেশ রক্ষা করতেই আমি এবার কাউন্সিলর প্রার্থী হয়েছি।