কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বশির আহমদ আজাদের বিরুদ্ধে দায়ের মাদক মামলা মিথ্যা দাবি করেছে তার পরিবার।
গতকাল বুধবার বিকেলে বশিরের ছোট ভাই উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আজাদ সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
তিনি বলেন, ‘গত শুক্রবার বড় ভাই বশিরের সঙ্গে আমি জুমা আদায় করি। নামাজ শেষে জানতে পারিÑ মধুছড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এপিবিএনের ২০ হাজার ইয়াবা জব্দের ঘটনায় চালকের সাক্ষ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ আমার ভাইয়ের মালিকানাধীন কোনো অটোরিকশা নেই। মূলত নামের মিল থাকায় বশিরকে আসামি করা হয়েছে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত বিষয়ে জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’
পরিবারের সদস্যরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে বাঁশের ট্রাক প্রবেশ নিয়ে এপিবিএন মধুছড়া ক্যাম্পের ইনচার্জ মোজাহেরুল ইসলামের সঙ্গে বশিরের মতানৈক্য হয়েছিল। এ কারণে তাকে মাদক মামলায় আসামি করা হয়ে থাকতে পারে।
তবে মোজাহেরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
উখিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আমিন শাকিল বলেন, ‘যুবলীগ নেতা বশির আহমদের মালিকানাধীন কোনো সিএনজি নেই।’
উখিয়া থানার ওসি আহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। বিস্তারিত খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবেন।
গত ৬ ফেব্রুয়ারি সিএনজিচালিত অটোরিকশা (থ-১১-৭৮৭৫) থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবলীগ নেতা বশিরসহ তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়।